‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির মাহমুদ সোহেল
- আপডেট সময় : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)।
তিনি একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক। এছাড়া পরিবেশবাদী সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবিরসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য এবার সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ দেওয়া হয়। এর মধ্যে গণমাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার পান জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে নানা মাধ্যমে কাজ
প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে পেশা শুরু করেন মাহমুদ সোহেল। দীর্ঘ ক্যারিয়ারে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল—প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন তিনি।
দিগন্ত টিভি, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং জিটিভির ডিজিটাল প্রধান হিসেবেও কাজ করেছেন।
সাংবাদিকতা জীবনে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখোমুখি হয়েছেন মাহমুদ সোহেল। দুর্নীতিবিষয়ক সংবাদ প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় একাধিকবার রংপুর আদালতে হাজিরাও দিতে হয়েছে তাকে।
তবে নানা প্রতিকূলতা ও পেশাগত চ্যালেঞ্জের মধ্যেও মাঠপর্যায়ে সাংবাদিকতা এবং সত্য ও বস্তুনিষ্ঠতার অবস্থান থেকে সরে আসেননি তিনি। সহকর্মীদের কাছে তিনি সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত।
বর্তমানে জিটিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবেও কাজ করছেন মাহমুদ সোহেল। ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়কের দায়িত্বও পালন করছেন তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের সংগ্রাম এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনম্যান-২০২৬’ পুরস্কারকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তার সহকর্মীরা।
























