কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত প্রায় দুই লাখ গবাদি পশু
- আপডেট সময় : ০১:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত করা হয়েছে প্রায় দুই লাখ গবাদি পশু। নাওয়া-খাওয়া ভুলে এখন শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত জেলার ২০ হাজার খামারি। তবে গো-খাদ্যের চড়া দামে বাড়ছে উৎপাদন খরচ; সেই সাথে ভারত থেকে গরু আসার শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ খামারিদের।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন গোল্ডেন ডেইরি ফার্ম। আসন্ন ঈদুল আজহার বাজার ধরতে এখানে প্রস্তুত করা হয়েছে ১০০টি ষাঁড় গরু। শুধু এই খামারই নয়, জেলার ৬টি উপজেলার প্রায় ২০ হাজার খামারে এখন সাজ সাজ রব। রাত-দিন এক করে পশুর সেবা করছেন খামারিরা।
জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, এবার কুষ্টিয়ায় কোরবানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রস্তুত করা হয়েছে ২ লাখ গবাদি পশু। খামারিদের দাবি, কোনো প্রকার ক্ষতিকারক স্টেরয়েড ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ও সুষম খাবার দিয়ে গরুগুলো হৃষ্টপুষ্ট করা হচ্ছে। তবে বাজারে গো-খাদ্যের অস্বাভাবিক দাম ভাবিয়ে তুলছে তাদের।
এদিকে ঈদের বাকি আরও কয়েকদিন থাকলেও, জেলার হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বড় গরুর পাশাপাশি মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। ব্যাপারীরা বলছেন, দেশি গরুর সরবরাহ পর্যাপ্ত, তাই সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ না করলে লাভবান হবেন সংশ্লিষ্ট সবাই।
মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ। কর্মকর্তাদের আশা, এবার হাটে দেশি গরুর আধিপত্য থাকবে।
নিজেদের কষ্টের ফসল এই পশুগুলো ভালো দামে বিক্রি করে মুখে হাসি ফুটবে খামারিদের—এমনটাই প্রত্যাশা এ জনপদের মানুষের।

























