কাল থেকে দেশে শুরু হতে যাচ্ছে মাঝারী শৈত্য প্রবাহ
- আপডেট সময় : ০১:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
পৌষের শুরুতেই তীব্র শীত আর ঘন কুয়াশায় নাজেহাল উত্তরাঞ্চলের জনজীবন। ঠাণ্ডায় জবুথবু দেশের অন্য জেলার বাসিন্দারাও। তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রী সেলসিয়াসে। পূর্বাভাস বলছে, কাল থেকে দেশে শুরু হতে যাচ্ছে মাঝারী শৈত্য প্রবাহ।
দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে ঘনকুয়াশার কারনে শীতের তীব্রতা বেড়ে গেছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। শৈত্য প্রবাহ শুরু হলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ আরও ধাপ নীচে নেমেছে দিনাজপুরের তাপমাত্রার পারদ। ফলে বেড়ে গেছে কুয়াশার ঘনত্ব। সাথে ঠান্ডা হাওয়ার দুর্ভোগে সর্বস্তরের মানুষ। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
নেত্রকোনায় সকাল থেকে ঘন কুয়াশা কনকনে বাতাস শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শীত নিবারণের চেষ্টা চলছে আগুন জ্বালিয়ে।
মানিকগঞ্জে জেঁকে বসেছে হাড় কাপানো শীত। ঘন কুয়াশা আর কনকনে বাতাসে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। যানবাহনগুলি দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া অব্যহত থাকায় ছিন্নমূল ও খেটে খাওয়া দিনমজুর মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ঘন কুয়াশা হিমেল বাতাসে যমুনা সহ জেলার অভ্যন্তরীন নদনদীতে ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের নৌযান।
হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে ময়মনসিংহের জনজীবন। কনকনে শীতে মানুষের পাশাপাশি কষ্টে পড়েছে গৃহপালিত পশু।
























