কারখানা বন্ধ ও কর্মহীন হওয়ার তথ্য ভুল, দুঃখ প্রকাশ সিপিডির
- আপডেট সময় : ১২:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির গবেষণা দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ভুল তথ্যের উৎস
সিপিডি জানায়, ২৪ আগস্ট ঢাকাভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তাদের নজরে আসে। ওই প্রতিবেদনে সিপিডির ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডের তথ্য তুলে ধরা হয়।
ওই স্লাইডে বলা হয়েছিল, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হন।
সিপিডি জানায়, তথ্যটি তৈরির সময় সংসদ ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন উৎস ব্যবহার করা হয়েছিল।
তবে পরবর্তী যাচাইয়ে দেখা যায়, কারখানা বন্ধের তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রতিবেদনটি সংশোধন করে ঢাকা ট্রিবিউন।
সিপিডির বিবৃতিতে বলা হয়, ঢাকা ট্রিবিউনের আগের প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের মূল সময়কাল পরিবর্তন করে ‘জানুয়ারি থেকে আগস্ট ২০২৬’ করা হয়েছিল। ফলে সেই ভুল তথ্য সিপিডির প্রতিবেদনেও চলে আসে।
তথ্য যাচাই না করায় ভুল
সিপিডি বলেছে, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। এ কারণে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রকাশিত হয়েছে এবং এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে গবেষণা দল আরও সতর্ক থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগের বিষয়টি অমূলক নয় বলে মনে করে সিপিডি। সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা কারখানা বন্ধের বিষয়ে বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের কারণে শিল্প খাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সিপিডি মনে করে, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং কর্মসংস্থানের পরিস্থিতির দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
একই সঙ্গে ভুল তথ্যের বিষয়টি নজরে আনার জন্য দ্য ডিসেন্টকে পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছে সিপিডি।


























