কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার
- আপডেট সময় : ১২:৪৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে। ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে (সিপিসি) যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন। এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।
পাঁচ সদস্যের প্রতিনিধিদল
বাংলাদেশের প্রতিনিধিদলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, মিজ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি রয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে যেসব বিষয়ে আলোচনা
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’।
সম্মেলনে আন্তর্জাতিক আইন, সংসদীয় গণতন্ত্র ও পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গণতন্ত্র চর্চা আরও সুসংহত করার অভিন্ন লক্ষ্য নিয়ে সিপিসি নেতাদের সঙ্গে একটি সংসদীয় কর্মশালায়ও অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধিদল।
হবে দ্বিপক্ষীয় বৈঠক
সম্মেলনের ফাঁকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধিদলটির।





















