একই দলে খেলবেন মেসি-রোনালদো, নিশ্চিত করলেন তেভেজ
- আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দুই দশক ধরে দুজনকে ঘিরে চলছে সেরার বিতর্ক। তবে এবার সেই দুই মহাতারকাকে একই দলের জার্সিতে দেখা যেতে পারে।
চমকপ্রদ এই তথ্য জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। তার বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদো একই দলে খেলবেন বলে দাবি করেছেন তিনি। খবর গোল ডটকমের।
তেভেজের বিদায়ী ম্যাচটি আগামী ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচটির ভেন্যু হিসেবে বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে।
মেসি-রোনালদোর সম্মতি
ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, তেভেজ ইতোমধ্যে মেসি ও রোনালদোর সঙ্গে যোগাযোগ করেছেন। দুজনই তার বিদায়ী ম্যাচে খেলার বিষয়ে সম্মতি দিয়েছেন বলে দাবি করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
টেলিভিশন সাক্ষাৎকারে তেভেজ বলেন, তিনি দীর্ঘদিন ধরে মেসি ও রোনালদোকে একই দলে দেখার স্বপ্ন দেখেছেন। তাই নিজের বিদায়ী ম্যাচে এই দুই তারকাকে একসঙ্গে মাঠে নামাতে চান তিনি।
তেভেজ জানান, রোনালদোর সঙ্গে এ বিষয়ে তার বিশেষভাবে কথা হয়েছে। পর্তুগিজ তারকা সেখানে থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। একইভাবে মেসিও ম্যাচটিতে অংশ নিতে রাজি হয়েছেন বলে দাবি তার।
দুজনের সঙ্গেই খেলেছেন তেভেজ
মেসি ও রোনালদোর সঙ্গে তেভেজের সম্পর্কটিও বেশ বিশেষ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। অন্যদিকে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও খেলেছেন এই সাবেক ফরোয়ার্ড।
তাই বিদায়ী ম্যাচে দুই তারকাকে একই দলের হয়ে খেলতে দেখার বিষয়টি তেভেজের জন্যও আবেগের হতে যাচ্ছে।
মেসি ও রোনালদোর দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচে তাদের একই দলের হয়ে খেলা হয়নি। ফলে তেভেজের পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটি ফুটবলভক্তদের জন্য হতে পারে স্মরণীয় এক মুহূর্ত।
তবে ম্যাচটি এবং দুই তারকার অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পরই বিষয়টি চূড়ান্ত বলে ধরা যাবে।

























