ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ
- আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ২৪ মে’র অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও, পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র টিকিট। আগামীকাল ১৫ মে পাওয়া যাবে ২৫ মে’র অগ্রিম টিকিট। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন। তবে এবারও অগ্রিম টিকিট ফেরতের কোনো সুযোগ রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে রেল প্রশাসন। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ পাওয়া যাবে স্টেশন কাউন্টার থেকে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রির সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার দাবি বাংলাদেশ রেলওয়ের।
























