আজ পবিত্র হজের দিন
- আপডেট সময় : ০২:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৯৮৪ বার পড়া হয়েছে
সৌদি আরবের স্থানীয় সময় আজ ৯ জিলহজ, পবিত্র হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। লাখো হাজি অবস্থান করছেন আরাফাতের ময়দানে — যা হজের মূল আনুষ্ঠানিকতা। গতকাল মিনায় পৌঁছানোর পর আজ ফজরের নামাজ শেষে হাজিরা আরাফাতের উদ্দেশে রওনা হয়েছেন।
সারা বিশ্ব থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী এবার মক্কায় জড়ো হয়েছেন। নানা বর্ণের, নানা ভাষার মুসলিমরা মিশেছেন একই স্রোতে। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে আজ হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রবীণ ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা জিকির, তিলাওয়াত ও দোয়া-মোনাজাতে মশগুল থাকবেন। অশ্রুভেজা কণ্ঠে পাপের ক্ষমা চাইবেন এবং পরিবার, দেশবাসীসহ গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন। ইসলামের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থানের প্রতিদানস্বরূপ আল্লাহ হাজিদের নিষ্পাপ ঘোষণা করেন।
আরাফাত শেষে হাজিরা প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন এবং খোলা আকাশের নিচে রাত কাটাবেন। সেখান থেকে পাথর সংগ্রহ করে আগামীকাল মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দেবেন। এরপর মক্কায় ফিরে কাবা তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাতবার দৌড়াবেন।
বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করছেন।


























