রাজধানী ঢাকার বাজারগুলোতে সবজির দাম বেড়েছে
- আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে দু’তিনদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। খুচরা বাজারে একই সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়তি দেখা গেছে। চাল, ডাল, মাছ কিংবা মুরগির মাংসের বাজারের ক্রেতারাও স্বস্তিতে নেই। বিক্রেতারা বাজারে সবজি সরবরাহ সংকটের দাবি করলেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, দোকানীদের কারসাজিতে সবকিছুর দাম চড়া।
কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামের। রাজধানীর মহাখালী কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেগুন, করলা ও টমেটো ও শসার প্রতি কেজি কিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এর পরে ৬০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। কাঁচামরিচের দাম এখনও দুইশ টাকার উপরে।
সবজির এই লাগামহীন দাম মাসখানেকের বেশি সময় ধরে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ মাস দু-এক ধরেই কম। শুধু সবজিই নয়, বাজারে এখন চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যদিনকার চাল। কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। মোটা চালসহ সব ধরনের চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০’র মধ্যে।
ঝাঁজ কমেনি পেঁয়াজের। ডালসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। একই অবস্থা মাছের বাজারে। চড়া ইলিশ, রুইসহ অন্যান্য দেশি মাছের দাম। তবে মুরগির দাম বাড়লেও স্থিতিশীল খাসি ও গরুর মাংসের দর।



























