ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ সেপ্টেম্বর পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা
- আপডেট সময় : ০৫:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। এতে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের বাইরে থাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
চার শ্রেণির ভোটারের পোস্টাল ভোটের সুযোগ
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর (সর্বশেষ সংশোধন ২০২৫) বিধান অনুযায়ী চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তারা হলেন—
- বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার
- নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরি বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি
- কারাগার বা আইনি হেফাজতে থাকা ভোটার
- নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ব্যক্তি
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। তাদের ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করার পর বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন ২৭ সেপ্টেম্বর থেকে
দেশের ভেতরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ বা আইসিপিভি ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। তাদের নিবন্ধন চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।
গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত কর্মকর্তা-কর্মচারীদের এসএমএসের মাধ্যমে সম্মতি নেওয়া হবে। এরপর হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন।
এ ছাড়া উপনির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।
কারাগারে থাকা ভোটাররাও ভোট দিতে পারবেন
কারাগারে থাকা ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। জেল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করা হবে। পরে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা উপনির্বাচনে ভোট দিতে পারবেন।






















