চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং চক্রে চীন-পাকিস্তানসহ ৭০ জন আটক
- আপডেট সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অনলাইন স্ক্যামিং চক্রে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান ও লাওসের নাগরিকসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জব্দ ৬৮ ল্যাপটপ ও ৬৫ মোবাইল
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ডিভাইসে থাকা তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
আটক ব্যক্তিরা অনলাইন স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা ল্যাপটপ ও মোবাইল ফোনের তথ্যও খতিয়ে দেখছে পুলিশ।
ঢাকায় আসছে বিশেষ দল
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চীন, পাকিস্তান ও লাওসসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
তিনি বলেন, আটক প্রত্যেক ব্যক্তির মুঠোফোন ও ল্যাপটপের তথ্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্তে সহযোগিতার জন্য ঢাকাও একটি বিশেষ দল চট্টগ্রামে আসছে।
কক্সবাজারে গ্রেপ্তার হয়েছিল ৬ চীনা নাগরিক
এর আগে গত ৪ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত থাকার অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এর কয়েক দিন পর চট্টগ্রামে বিভিন্ন দেশের নাগরিকসহ ৭০ জনকে আটকের ঘটনা সামনে এলো।
তবে চট্টগ্রামে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত থাকার অভিযোগ এখনো তদন্তাধীন। জিজ্ঞাসাবাদ ও ডিভাইস যাচাইয়ের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।





















