ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ বাড়িতে
- আপডেট সময় : ০৪:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক শুভ দাসের মরদেহ প্রায় চার মাস পর সাতক্ষীরার কলারোয়ায় নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে মরদেহ পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সংকট দূর করতে ২০২৩ সালে বসতভিটা ও গবাদিপশু বিক্রি করে ঋণ নিয়ে লেবাননে যান ২৩ বছর বয়সী শুভ। গত ১২ মে নবাতিয়া জেলার জেবদিন এলাকায় রুটিবাহী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনি নিহত হন। ওই ঘটনায় আরও তিন বাংলাদেশি শ্রমিক নিহত হন।
শুভর মরদেহ শেষবারের মতো দেখতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেন। স্থানীয়রা পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে শুভর মরদেহ বাড়িতে পৌঁছেছে। ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারের পরামর্শ দেওয়া হয়েছে।




















