ত্রয়োদশ সংসদের অধিবেশনে প্রথমবার যোগ দিলেন মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৪:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংসদের চলমান অধিবেশনে যোগ দেন তিনি। হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্বাগত জানান। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে যান মির্জা আব্বাস। সেখানে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দাপ্তরিক কাজও করেন তিনি। পরে অধিবেশনে যোগ দেন।
গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। তাকে বহনকারী ফ্লাইট রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাস সঙ্গে ছিলেন।
অসুস্থতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিকের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও তিনি অংশ নিতে পারেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর সংসদ অধিবেশনে তার এই যোগদানকে ঘিরে বিএনপির সংসদ সদস্য ও সহকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।


























