ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা ভারতের
- আপডেট সময় : ০৪:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এর আগে পানামার বিপক্ষেও মাঠে নামবে তারা। আসন্ন এই তিন ম্যাচকে সামনে রেখে ভারতীয় জাতীয় দলের কোচ খালিদ জামিল স্কোয়াড ঘোষণা করেছেন।
ঘোষিত দলে মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে সমান চারজন করে মোট আট ফুটবলার সুযোগ পেয়েছেন। তবে সদ্য ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মোহনবাগানের বিশাল কাইথ দলে জায়গা পাননি।
ইস্টবেঙ্গল থেকে স্কোয়াডে আছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকা। অন্যদিকে মোহনবাগানের হয়ে দলে জায়গা পেয়েছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।
ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির প্রস্তুতি হিসেবে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।
পানামা ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারত। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই বড় দলের বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর তাদের প্রতিপক্ষ হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
ভারতের ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।
ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।


























