বগুড়াসহ উত্তরাঞ্চলের ন্যায্য উন্নয়নের প্রত্যয় তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলা কাটিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলের ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী।
শনিবার (৮ আগস্ট) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে তারা এসব পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়ার শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক নির্মাণ করা হবে।
সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, গত ২০ বছর বগুড়া বঞ্চিত হয়েছে। জাতীয় অর্থনীতিতে বগুড়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি এ অঞ্চলের উন্নয়নে সরকারের উদ্যোগের কথা জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর আগামী নভেম্বর-ডিসেম্বরে স্থাপনের উদ্যোগ রয়েছে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর চেষ্টা চলছে। এছাড়া শহরের রেললাইনের ওপর ওভারপাস, ড্রোন তৈরির কারখানা, তিনমাথায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ ক্রীড়াগ্রাম নির্মাণ এবং করতোয়া নদী পুনরুজ্জীবনের পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনা দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন। চেম্বারের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।






















