ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কাস্টমস কর্মকর্তা রাকিব রায়হান তালুকদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখার কর্মরত সদস্য রাকিব রায়হান তালুকদারের নিখোঁজের প্রায় ১০ দিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার সোয়াইতপুর গ্রামে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত রাকিব রায়হান তালুকদার উপজেলার সোয়াইতপুর গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছিল।
এর আগে ফুলবাড়িয়া থানা পুলিশ উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রায়হানের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিং উদ্ধার করে। এতে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে ওঠে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তার পাসপোর্ট দ্রুত জব্দ করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রায়হানের মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফুলবাড়িয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।























