জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আন্দোলন : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ১২:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন নয়, এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শহীদদের আত্মদান সবাইকে স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। বাণীতে রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আন্দোলনে আহত সেই সব সাহসী তরুণ-তরুণী ও যুবকদের স্মরণ করেন, যাদের অনেকে পঙ্গুত্ববরণ করে আজও কষ্টকর জীবনযাপন করছেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।























