হাঁটু পানিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা
- আপডেট সময় : ০৩:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমেছে। এরইমধ্যে কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে সবশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। জলাবদ্ধ পরিস্থিতির কারণে যানবাহনের সংখ্যাও কম। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। কয়েকটি স্কুলে স্থগিত করা হয়েছে পরীক্ষা। তবে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। তুমুল বৃষ্টিতে ভিজেই তারা যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। এদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং বায়ুচাপের তারতম্যের কারণে গেল এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

























