জোর করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী
- আপডেট সময় : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে সাভারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ—এ্যাব এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এখানে চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কেউ অপরাধ করলে পার পাবে না। এর আগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ এ্যাব-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























