গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
- আপডেট সময় : ০৪:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রেবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেয়া হবে। তবে স্পর্শকাতর মামলা হওয়ায় এবং নিরাপত্তার স্বার্থে ওই সাক্ষীর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩ জুন এই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা থাকলেও প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হওয়া এই সাক্ষ্যগ্রহণ পর্বে এখন পর্যন্ত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী আদালতে নিজেদের জবানবন্দি দিয়েছেন।























