ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবি মানুষ
- আপডেট সময় : ০৮:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৮৪৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন নগরবাসী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীরা। রেলে এবার বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চিরায়ত নিয়মে শেষ হলো পবিত্র ঈদুল আযহার আনন্দ। নাড়ির টান উপেক্ষা করে আবারও চেনা শহরে, চেনা ব্যস্ততায় ফেরা। সোমবার সকাল থেকেই ঢাকার প্রধান প্রবেশদ্বার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড়।
যাত্রীরা বলছেন, যাওয়ার সময়ের মতো ফেরার জার্নিটাও যেন নির্বিঘ্ন হয়, এমনটাই প্রত্যাশা ছিল তাদের। আর এবার সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের কাছাকাছি স্টেশনে পৌঁছেছে। ফলে যাত্রীদের ভোগান্তিও তুলনামূলক কম হয়েছে।
ছুটির রেশ কাটিয়ে ঢাকা আবার ফিরছে তার চিরচেনা রূপে। প্রিয়জনদের ছেড়ে আসার কষ্ট বুকে চেপে, নতুন উদ্যমে জীবিকার তাগিদে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে এই নগরী।

























