শিশু রামিসাকে হত্যায় জড়িতদের কোনোভাবেই ছাড় নয় : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ডিএমপি কমিশনারকে মাত্র সাত দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, এমন অপরাধ আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে।
মামলার জট নিরসনে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন টিমকে মামলাটি ‘ফাস্ট ট্র্যাকে’ নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাগুরার আছিয়া হত্যা মামলার উদাহরণ টেনে তিনি জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। বিচার প্রক্রিয়া অতিদ্রুত করতে পারলে রামিসার বাবার আক্ষেপের জবাব দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ফাঁসি কার্যকর করার বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ার হওয়ায় তাতে হস্তক্ষেপ না করার কথা জানান মন্ত্রী। ন্যায়বিচারের স্বার্থে আদালত ও সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পেপার বুক তৈরির আহ্বান জানান তিনি।

























