ময়মনসিংহে ভারতীয় গরু চোরাচালান আতঙ্কে স্থানীয় খামারিরা
- আপডেট সময় : ১১:৫৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আযহা সামনে রেখে ময়মনসিংহে ভারতীয় গরু চোরাচালান আতঙ্কে রয়েছেন স্থানীয় খামারিরা। তাদের শঙ্কা, অবৈধ পথে ভারতীয় গরু এলে লোকসানের মুখে পড়বেন দেশি খামারিরা। তবে সীমান্ত দিয়ে পশুর অবৈধ প্রবেশ বন্ধে টহল জোরদার করেছে বিজিবি। আর পুলিশ বলছে, চোরাচালান রোধে প্রতিটি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত এলাকায় কোরবানি ঈদ এলেই ভারতীয় গরু চোরাচালানকারীরা সক্রিয় হয়ে ওঠে। আর তাতেই আতঙ্কে দিন কাটছে স্থানীয় খামারিদের। একটু লাভের আশায় যারা সারা বছর ধরে পশু লালন-পালন করেছেন, তাদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। দেশীয় খামার শিল্পকে বাঁচাতে পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি করছেন খামারিরা। অবশ্য ঈদকে কেন্দ্র করে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যেই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে চলছে ২৪ ঘণ্টা বিশেষ টহল।

























