ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কার পানি চুক্তির ওপর : ফখরুল
- আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরির যে সুযোগ এসেছে, তা নির্ভর করবে ফারাক্কার পানি চুক্তির ওপর। অবিলম্বে বাংলাদেশের মানুষের সঙ্গে আলোচনা করে পানি সমস্যার সমাধান ও চুক্তি নবায়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। প্রতিবেশী ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের এক চিরন্তন প্রতিরোধের প্রতীক। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি স্মরণে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি এখন সম্পূর্ণ নির্ভর করছে ফারাক্কা পানি চুক্তির ওপর। অবিলম্বে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে এই পানি সমস্যার সমাধান ও চুক্তি নবায়নের দাবি জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মহাসচিব। জানান, জনগণের প্রতিরোধে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে।
অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশগত বিপর্যয়ের চিত্র তুলে ধরেন। দাবি করেন, বিদ্যমান চুক্তিতে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পায়নি।
আলোচনায় অংশ নিয়ে পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, দ্বন্দ্ব দিয়ে নয়, বরং কূটনৈতিক কৌশল ও যৌথ পরিকল্পনার মাধ্যমেই অভিন্ন নদীর পানির অধিকার আদায় করতে হবে।
মওলানা ভাসানীর দেখানো সেই প্রতিরোধের মন্ত্রে উজ্জীবিত হয়ে, দেশের সার্বভৌমত্ব ও পানির ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
























