নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রায় ১৬টি সংস্থা কাজ করছে : নৌপরিবহন মন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে শুধু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনেই প্রায় ১৬টি সংস্থা কাজ করছে। তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি ও অপূর্ণতা থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে মালিক, শ্রমিক ও কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে হবে। ঢাকার লেডিস ক্লাবে নৌ পরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’ এই প্রতিপাদ্যে নৌপরিবহন অধিদপ্তর আয়োজন করে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬।
অনুষ্ঠানে বক্তারা জানান, নৌযান শুমারিতে বিপুল সংখ্যক অনিবন্ধিত যান শনাক্ত হয়েছে। সেগুলোকে নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম চলছে। নৌ-খাতে জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, কোরবানীর ঈদকে সামনে রেখে যাত্রী ও পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নৌপথকে নিরাপদ করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের সচেতনতা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী বলেন, নৌ পরিবহন খাতে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে। এর দায় সবাইকে নিতে হবে।
এ সময় সবার কথায়, নৌপথে শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।






















