ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে একই পরিবারের পাঁচজন দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ভোরে ভূইঘর উত্তর গিরিধারা এলাকার একটি ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
ভূইঘরে শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলায় গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে দগ্ধ হন কামাল, সালমা, মুন্না, মুন্নি ও কথা। ফায়ার সার্ভিস জানায়, ভোরে রান্নাঘরে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে, দিয়াশলাই কিংবা সিগারেটের আগুন থেকেই বিস্ফোরণ হয়েছে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






















