চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায় চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।




















