বেনাপোলে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা বিস্ফোরকের চালান
- আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যের একটি চালান দুপুরে বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। তিনটি ভারতীয় ট্রাকে করে আসা এই চালানে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড রয়েছে।
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য আমদানি করা বিষ্ফোরকবাহী এই ট্রাকগুলো বন্দরে প্রবেশের পর থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এসব বিস্ফোরক আনা হয়েছে। চালানটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে তা বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে কড়া পাহারায় রাখা হয়েছে।
বন্দর পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, নিরাপত্তা প্রটোকল মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীকাল পুলিশি প্রহরায় এই বিস্ফোরকের চালানটি দিনাজপুরের মধ্যপাড়া খনির ম্যাগাজিনে পাঠানো হবে।

























