যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারী আটক
- আপডেট সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
যশোরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের এই স্বর্ণের চালানটি যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে গাড়ির সিটের কুশনের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা থেকে এই স্বর্ণ সংগ্রহ করে পাচারের জন্য যশোরে এনেছিল। জব্দকৃত স্বর্ণ, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটককৃতদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






















