জনমানুষের সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জনমানুষের প্রতিটি সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত কর্মশালায় এ কথা জানান তিনি । মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুতদের সমস্যা কেবল মানবিক বা আপদকালীন নয়, এটি জননীতির গুরুত্বপূর্ণ বিষয়।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হতে পারে।
গ্রামের মানুষ জীবিকার সন্ধানে ছুটছেন রাজধানী কিংবা অন্য শহরগুলোতে। কেউ অস্থায়ীভাবে, কেউ স্থায়ীভাবে গড়ে তুলছেন নতুন ঠিকানা। শুধু পরিবেশগত কারণ নয় কেন্দ্রীভূত উন্নয়ন নীতিও শহরমুখী অভিবাসন বাড়াচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিকেন্দ্রীকরণ না হলে মানুষ ঢাকামুখী হবে ও পরিবেশের ওপর চাপ বাড়বে।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগও অভিবাসনের একটি বড় কারণ হিসেবে আবির্ভূত হয়েছিল। এটাকে চলমান উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।
বিশেষজ্ঞরা বলছেন, মেগাসিটি কেন্দ্রিক উন্নয়ন থেকে সরে এসে দ্বিতীয় সারির শহরগুলোতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে করে অভিবাসীরা নিজ এলাকার কাছাকাছি থেকেই জীবিকা খুঁজে নিতে পারবেন।





















