জব্বারের বলী খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
- আপডেট সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শনিবার বলি খেলার ১১৭ তম আসরে তিনি একই জেলার মো. রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এবাবরে বলী খেলায় অংশ নিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ১০৮ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত। এবার ছিল বলী খেলার ১১৭তম আসর। খেলাকে কেন্দ্র করে হওয়া মেলা রূপ নেয় চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে।
দুপুরেই খেলা শুরুর আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় লালদীঘি ময়দান। ঢোল আর বাদ্যের তালে তালে মাঠে প্রবেশ করেন নানা বয়সী বলীরা। এরপর বালু দিয়ে তৈরি বিশেষ মঞ্চে শুরু হয় বলী খেলা। এবারের প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ বিভিন্ন জেলার শতাধিক বলী।
ফাইনালে দুই বলী শরীফ ও রাশেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই জন। প্রায় ২৫ মিনিটের খেলায় রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতেছেন মিঠু।
ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এ উদ্যোগকে সফল বলছেন আয়োজকরা।

























