কক্সবাজারে শেষ হয়েছে রাখাইন বর্ষবরণ উৎসব
- আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে শেষ হয়েছে রাখাইন বর্ষবরণ উৎসব। রাখাইন ভাষায় মাহা সাংগ্রেং পোয়ে অর্থাৎ জলকেলি নামে তাদের প্রধান এই উৎসব শুরু হয় শুক্রবার বিকেলে। এরপর মঙ্গল জলে বুদ্ধস্নানসহ নানা আয়োজনে শেষ হয় তিনদিনের এই ব্যতিক্রমী উৎসব। যেখানে মঙ্গল জলে শরীর ভিজিয়ে আনন্দে মেতে ওঠে রাখাইন সম্প্রদায়।
ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী, বুদ্ধ চন্দসুরিয়া নামক রাজার আমন্ত্রণে মিয়ানমারের আরাকান বা রাখাইনে গিয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। তাঁর আগমন উপলক্ষে ৫৩৮ খ্রিস্টাব্দের সে দেশে নির্মিত হয়েছিল মহামুনি বুদ্ধমূর্তি। সেই থেকে দীর্ঘ ২৬শ’ বছর ধরে রাখাইন নববর্ষে প্রতীকী মহামুনি বুদ্ধমূর্তিকে স্নান করানো হয়। আর বুদ্ধস্নানের পর অবশিষ্ট সেই জলকে বলা হয় মঙ্গলজল।
সজ্জিত প্যান্ডেলগুলোতে ড্রাম ভর্তি পানি। অপেক্ষা সেই পানি অন্যের গায়ে ছিটানোর।রাখাইনরা বিশ্বাস করেন-এই মঙ্গল জলে ধুয়ে যায় মনের অহংকার, দু:খ এবং প্রতিহিংসা। জলকেলীতে মুখর হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। ঢাক-ঢোলের তালে, গানের ছন্দে নেচে গেয়ে আনন্দে মাতে তরুণ-তরুণীরা। উৎসবে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল ঘুরে ঘুরে নতুন রাখাইন বর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। একে অপরের আতিথেয়তায় সাড়া দেন রাখাইন তরুণ-তরুণীরা। পিছিয়ে নেই কিশোর-কিশোরী, বৃদ্ধ-বনিতাও।
























