প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে আনন্দে ভাসছে বগুড়াবাসী
- আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বহুদিনের প্রতীক্ষা শেষে এক আনন্দঘন মুহূর্তের দ্বারপ্রান্তে বগুড়ার মানুষ। নিজ মাটির সন্তান তারেক রহমান এবার দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নিজ জেলায়। আর সেই অপেক্ষায়—আনন্দে, উচ্ছ্বাসে, প্রত্যাশায় ভাসছে পুরো বগুড়া। আগামীকাল সরকার প্রধান হিসেবে বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৈত্রিক ভিটায় ফিরবেন প্রায় বিশ বছর পর।
প্রিয় ঠিকানায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর। দিনব্যাপী এই সফরের বিভিন্ন কর্মসূচি ভিন্ন মাত্রায় আবেগ। জনসভাস্থলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শুরুতেই জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চালু করবেন আধুনিক বিচারসেবার নতুন অধ্যায়— ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন তিনি। যাবেন গাবতলীর বাগবাড়ীতে— নিজের পৈতৃক ভিটায়। যেখানে জড়িয়ে আছে, স্মৃতি আর ইতিহাস।
খাল খনন, টিকাদান কর্মসূচির উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যোগ দিবেন।
বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় মানুষের ঢল নামবে এমন আশা ব্যক্ত করেন স্থানী সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
নিজেদের সন্তান যখন সরকারের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে শিকড়ের ঠিকানায় ফিরেন। তখন, সেটি শুধু একটি সফর থাকে না, হয়ে ওঠে আবেগ আর ইতিহাসের মিলনমেলা। প্রধানমন্ত্রীর এই সফর বগুড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এমন প্রত্যাশা সকলের।





















