কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন, আশা-আকাঙ্খা আর দীর্ঘদিনের অভাব-অভিযোগ পূরণের প্রত্যাশায় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। এই সফরকে ঘিরে পুরো জেলা জুড়ে সাজ সাজ রব। বর্ণিল সাজে সেজেছে নগরী। প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব-আমেজ।
উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র- বগুড়া, এখন অপেক্ষার শহর। নতুন নতুন উন্নয়নের সুসংবাদের আশায় প্রহর গুণছেন এখানকার মানুষ। প্রত্যাশা—দীর্ঘ ১৭ বছরের অবহেলা আর বঞ্চনার অবসান হবে এবার। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে এই জনপদের চিত্র। কাল সড়কপথে প্রধানমন্ত্রী পৌঁছাবেন বগুড়ায়। আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন, ই-বেইল-বন্ড কার্যক্রম চালু—বিচার ব্যবস্থায় আনবে নতুন গতি। আর বহু প্রতীক্ষিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচনের মধ্য দিয়ে বদলে যাবে নগর ব্যবস্থাপনার কাঠামো।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো তিনি যাচ্ছেন নিজের পৈতৃক ভিটা—গাবতলী উপজেলার বাগবাড়ীতে। সোমবার বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে হবে প্রধানমন্ত্রীর জনসভা। দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় এটি তার প্রথম জনসভা।
আগেই, প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ার মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। উন্নয়ন আর প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে অপেক্ষায় পুরো জেলা।























