নাটোরের সব আসনে নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতা-কর্মীরা
- আপডেট সময় : ০৪:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের সব আসনে নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতা-কর্মীরা। এই বিজয়ে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ত্যাগ-তিতীক্ষা সর্বাধিক। তবে নতুন সরকারে তাকে মন্ত্রিত্বে না পেয়ে প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন ঘটেনি জনগণের। জেলায় পূর্ণমন্ত্রী না পাওয়ায় হতাশ তারা। বিএনপি নেতা-কর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর সীমাহীন নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রামের সক্রিয় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মন্ত্রিসভায় দেখতে চায় সাধারণ মানুষ।
ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকার থেকে শুরু করে ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে টানা ১৬ বছর সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর যে জুলুম নির্যাতন চলেছে, তার মধ্যে অন্যতম উত্তরের জেলা নাটোর। এখানে চরম জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে আসনটির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপিসহ তার অনুসারীদের। নির্যাতনে পঙ্গুত্বসহ মৃত্যুবরণ করতে হয়েছে অনেককে। ভুক্তভোগী পরিবারগুলো বলছেন, তারা চেয়েছিলেন, তাদের এই ত্যাগের বিনিময়ে আসবে মন্ত্রিত্ব, আর তারা পাবেন সম্মান, আর ঘটে যাওয়া জুলুম নির্যাতনের ন্যায়বিচার।
নেতাকে মন্ত্রিত্বে না পেয়ে ব্যথিত আসনটির সাধারণ ভোটাররাও। তারা দাবি পূর্ণ মন্ত্রিত্বের।
পূর্ণমন্ত্রীত্বের প্রত্যাশা নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলেই ঐক্যবদ্ধ ছিলেন- বলছেন সংখ্যালঘু ভোটাররাও।
প্রিয় নেতার মন্ত্রিত্ব না মেলায় মর্মাহত দলটির নেতাকর্মীরাও।
তারেক রহমানের নেতৃত্বে সরকার হলে রুহুল কুদ্দুস তালুকদার পাবেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, ২০০১ সালে নাটোর সার্কিট হাউজে এমনই প্রত্যাশা দিয়েছিলেন তারেক রহমান। বলছেন, দলটির নেতাকর্মীরা।






















