অতীতের তুলনায় এবারের নির্বাচন আরও নিরাপদ ও সুষ্ঠু হবে : নির্বাচন কমিশন
- আপডেট সময় : ১০:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন আরও নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ একথা বলেন। এসময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন অনুযায়ী যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
আগামী ১২ ফেব্রয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটপর্ব। তবে নির্ধারিত সময়ের পরেও কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলে প্রয়োজনে সময় বাড়ানো হবে।
ভোট গণনা ও ফলাফল প্রকাশ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুটি ব্যালটই একসঙ্গে গণনা করা হবে। কোনো ফল আলাদাভাবে আগেভাগে প্রকাশ করা হবে না।
নির্বাচনী তফসিল ঘোষণার পর বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, এসব ঘটনা না ঘটলে পরিবেশ আরও সুসংহত থাকতো। রাজনৈতিক দল, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে নির্বাচনের দিন শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে, মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনের আগে ভোটারদের টাকা দেয়াসহ নানা অনৈতিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তবে সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ এখনো শান্তিপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন, যারা অশান্তি সৃষ্টি করবে তারা নির্বাচনের প্রতিযোগিতায় নেই।
এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮১ জন।





















