২০ বছর পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ২০ বছর পর বুধবার বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি। ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এদিকে, সমাবেশকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনের খবরে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন আলোড়ন ও উৎসবের আমেজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জনসমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ বিরতির পর তার আগমনকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ইতোমধ্যেই স্থানীয় শীর্ষ নেতাদের সমন্বয়ে ৭টি উপকমিটি গঠন করা হয়েছে। নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ শুধু নির্বাচনী জনসভা নয়, বরং বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে চাঙ্গা করবে।
এ নির্বাচনী জনসভায় লাখো মানুষের উপস্থিতি আশা করছে নেতাকর্মীরা ।
সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তার এই সফর ঘিরে বরিশাল অঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে এবং ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন নেতাকর্মীরা।













