আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরীর মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৬৯৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ গুলিতে স্বর্ণা দাস নামে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র একটি দল নিহতের বাড়িতে গেলে খবরটি এলাকায় জানাজানি হয়। নিহত স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণিতে পড়ত।
স্বর্ণার বাবা জানান, তাদের এক ছেলে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে তার স্ত্রী সঞ্জিতা ছোট মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রোববার রাতে লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হন। গুলি থামার পর সঞ্জিতাসহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন। পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। বিএসএফের গুলিতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের লালারচক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়েদ জানান, কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার সময় একজন বিএসএফের গুলিতে মারা গেছেন বলে তারা জেনেছেন। তবে এখনো বিএসএফ নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করেনি।



























