স্বাধীনতা পুরস্কার ২০২২-এর তালিকা থেকে অবশেষে মরহুম মোহাম্মদ আমীর হামজার নাম বাদ
- আপডেট সময় : ১০:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
তীব্র সমালোচনার মুখে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা- স্বাধীনতা পুরস্কার ২০২২-এর তালিকা থেকে অবশেষে মরহুম মোহাম্মদ আমীর হামজার নাম বাদ দিয়েছে সরকার। সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমীর হামজার নাম বাদ দিয়ে আজ সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিল্লুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েবসাইটে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। গত ১৫ মার্চ স্বাধীনতা পুরস্কার ২০২২-এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল, এ বছর ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কারটি দেয়া হচ্ছে। তবে, সমালোচনার মুখে সংশোধিত বিজ্ঞপ্তিতে আমীর হামজার নাম বাদ দেয়া হয়েছে। ১৫ মার্চ প্রকাশিত মনোনীতদের তালিকায় অপরিচিত আমীর হামজার নাম দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।


























