পুরান ঢাকায় তৈরি হচ্ছে নামকরা ব্রান্ডের নকল প্রসাধনী
- আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
রূপ চর্চায় অনেকেই নির্ভর করেন প্রসাধনীর ওপর। সেক্ষেত্রে আকর্ষণের মূলে থাকে বিদেশী ব্রান্ড। যার সুযোগ নেয় অসাধু চক্র।পুরান ঢাকায় বসেই তৈরি করে বিদেশী নামকরা সব ব্রান্ডের নকল প্রসাধনী। যা ব্যবহারে ত্বকের ক্যান্সার, কিডনি, লিভার ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মত চিকিৎসকদের।
হাত বাড়ালেই মিলছে হরেক পদের প্রসাধনী। মোড়ক দেখে বোঝার সাধ্য নেই কোনটি আসল আর কোনটি নকল। আসল আমদানিকারকের স্টিকারের মতো হুবহু স্টিকারও লাগানো রয়েছে নকল সব পণ্যের প্যাকেটে।
বৈধ-অবৈধ দুই পথেই চীন থেকে আসছে শুধু ব্র্যান্ডের নকল কৌটা আর বাহারি মোড়ক। এতে ভেজাল প্রসাধনী ভরে বিক্রি হচ্ছে আসল দামে।পুরান ঢাকা থেকে কেমিক্যাল সংগ্রহ করে কারখানায় প্রক্রিয়াজাতের পর করা হয় প্যাকেজিংয়ের কাজ।
শুধু রাজধানী ঢাকা ও আশপাশ এলাকাতেই রয়েছে নকল প্রসাধন সামগ্রী তৈরির তিন শতাধিক কারখানা। দীর্ঘসময় এসবের বিরুদ্ধে অভিযান চললেও থামছেনা অসাধু চক্রের অপতৎপরতা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মারকারি জাতীয় দ্রব্য থাকায় এসব নকল প্রসাধনী ব্যবহারে স্কিন ক্যান্সার ছাড়াও কিডনি ও লিভারেও দেখা দিতে পারে জটিলতা।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাবের তথ্য অনুযায়ী, ৪৫ ভাগ প্রসাধন পণ্যেরই বিএসটিআইর সনদ নেই, ঠিকানা নেই ৭৫ ভাগ পণ্যের উৎপাদক প্রতিষ্ঠানের।





















