জাতিসংঘের প্রথম দিনে আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য দেবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। ইউএনজিএ’র ৭৬ তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল। ১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।





















