দেশে করোনায় মৃত্যু গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের
- আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৩৫টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য সাত শতাংশ। এদিকে, দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, দেশে ভয়াবহ আকারে করোনা সংক্রমণ বাড়ছে। তাই সবাইকে মাস্ক পরা নিশ্চিতে অনুরোধ জানান তিনি।



























