করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। নিহতদের ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন ও দুজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯টি। এ সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৭০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক শূন্য ৫৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।















