সংসদ অভিমুখে গুম প্রতিরোধ কমিটির পদযাত্রা ৩০ আগস্ট
- আপডেট সময় : ১২:৪০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির সদস্য মিরাজ খান বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে গুমের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বাহিনীর পরিচয়ে অনেক মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গুমের শিকার ব্যক্তিদের ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন এবং অনেককে গুমের পর হত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
মিরাজ খান আরও বলেন, গুম করে হত্যার পর মরদেহ সাগরে ফেলে দেওয়ার মতো নির্মম ঘটনাও ঘটেছে। এসব ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি বলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে।
তিনি বলেন, গুমসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৩০ আগস্ট বিকেল ৩টায় বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।























