হাসপাতালগুলোতে অক্সিজেন ও শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়
- আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের জন্য শয্যা সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সাথে করোনা সংক্রমণ কমাতে উপসর্গযুক্ত ব্যক্তিদের ঘরে থেকে চিকিৎসা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
সকালে দেশের সব বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সারাদেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয়সহ চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে আইসোলেশন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। গত এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধ আরোপ করেও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শনাক্তের সংখ্যা ও শতকরা হার প্রতিদিন যেমন বেড়েই চলেছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।














