ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
- আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন আলী (২১)।
এ ঘটনায় আহত হয়েছেন নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যেভাবে ঘটল দুর্ঘটনা
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুটি মোটরসাইকেলে করে চার তরুণ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে চালকরা নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে আহত রাজন আলীর মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে। আহত অপর তরুণ নাসিম মাতুব্বর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যা বলছে হাইওয়ে পুলিশ
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রথমে দুজন নিহত এবং দুজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























