হতাশা থেকেই মিয়ানমার ইস্যু নিয়ে আবোল তাবোল বলছে বিএনপি : কাদের
- আপডেট সময় : ০৬:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০৪ বার পড়া হয়েছে
মিয়ানমারের চলমান সংঘাতে নতুন করে কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগে আসা রোহিঙ্গাদের নিয়েই সরকার অনেক সংকটে আছে। দুপুরে রাজধানীর বনানী সেতু ভবনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের পর এসব কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, হতাশা থেকেই মিয়ানমার ইস্যু নিয়ে আবোল তাবোল বলছে বিএনপি।
রাজধানীর বনানী সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশে শংকা বা উদ্বেগ তৈরি হোক তা চায় না সরকার। যারা পালিয়ে এসেছে তাদের ফেরত দেয়া হবে। সরকারের বিরোধীতা করতে হবে বলেই সীমান্ত নিয়ে অবাস্তব কথাবার্তা বলছে বিএনপি বলেও জানান ওবায়দুল কাদের।

























