সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন হামলার অভিযোগ
- আপডেট সময় : ০২:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। চারজন পশ্চিমা ও ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, সৌদি আরব ইরানে একাধিক গোপন হামলা চালায়।
মার্চের শেষ দিকে এ হামলাগুলো সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে দিয়ে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা।
তবে, সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জ্বালানি অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়ায় ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছিল আরব আমিরাত।

























