যুদ্ধ শুরুর পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসীরা
- আপডেট সময় : ০৬:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫২০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর আজ শনিবার প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। পশ্চিমতীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল-বালাহ’র বাসিন্দারা স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটপ্রদান শুরু করেছে।
এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল বলছে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন দেইর আল-বালাহ শহরের ভোটাররা। ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি।দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল। অন্যদিকে, পশ্চিমতীরে ফিলিস্তিনি অথরিটি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচন চালু ছিল।
বিশ্লেষকদের মতে, এবারের ভোট শুধু স্থানীয় প্রতিনিধিই বাছাই নয় বরং গাজার রাজনৈতিক বাস্তবতা, জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনিক বৈধতার প্রশ্নেও গুরুত্বপূর্ণ বার্তা দেবে। তবে নির্বাচনের ফলাফল হামাস মেনে নেবে কি না তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,ইসরাইলের অধিকৃত পশ্চিমতীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটার নিবন্ধিত রয়েছেন। নির্বাচন উপলক্ষে
ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ভোটারদের উপস্থিতি এবং ভোটের পরিবেশ আন্তর্জাতিক মহলেও নজর কাড়ছে।
ধ্বংসস্তূপ, অনিশ্চয়তা আর সংঘাতের মাঝেও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। অনেকের মতে, দীর্ঘ সংকটের মধ্যে ব্যালট বাক্সে ভোট দেওয়ার এই সুযোগ ফিলিস্তিনিদের জন্য শুধু গণতান্ত্রিক অধিকারই প্রতিষ্ঠা নয় বরং অন্যদিক থেকে আশারও প্রতীক।























