মেসির সাবেক সতীর্থই হচ্ছেন ইন্টার মায়ামির নতুন কোচ
- আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
লিওনেল মেসির সঙ্গে একসময় আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস। এবার সেই মেসির ক্লাব ইন্টার মায়ামির ডাগআউট সামলানোর দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। টানা ব্যর্থতার পর কোচিংয়ে পরিবর্তন আনতে যাচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
ইন্টার মায়ামি জানিয়েছে, প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ও অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন গঞ্জালেস। এর আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করবেন গিয়ের্মো হোয়োস।
সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে বড় ধাক্কা খেয়েছে মেসির দল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়হীন রয়েছে ইন্টার মায়ামি। এর মধ্যে চারটি হার ও একটি ড্র করেছে তারা। লিগস কাপ ও এমএলএসের নিয়মিত মৌসুমেও প্রত্যাশিত ফল পাচ্ছে না দলটি।
তবে খারাপ সময়ের মধ্যেও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে মায়ামি। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গঞ্জালেস ও তার কোচিং স্টাফ দলের সঙ্গে যোগ দেওয়ার আগ পর্যন্ত হোয়োসই দায়িত্ব সামলাবেন।
কোচ হিসেবে গঞ্জালেসের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের। আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল, উনিওন সান্তা ফে ও প্লাতেন্সের মতো ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবেও ছিলেন সফল। রোজারিও সেন্ট্রালের হয়ে ১৯৯৩ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর স্পেনের ভ্যালেন্সিয়া ও জারাগোসা এবং ইতালির ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি।
জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন গঞ্জালেস। ২০০৫ সালের বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচে তার সতীর্থ ছিলেন তরুণ লিওনেল মেসি। এবার সেই মেসিকেই কোচ হিসেবে নির্দেশনা দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
গঞ্জালেস দায়িত্ব নিলে শেষ হবে হোয়োসের প্রায় দেড় বছরের অধ্যায়। ২০২৫ সালের এপ্রিলে হাভিয়ের মাশচেরানোর বিদায়ের পর প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরে বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচ করা হয়।
হোয়োসের অধীনে শুরুটা অবশ্য দারুণ হয়েছিল ইন্টার মায়ামির। প্রথম আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট সংগ্রহ করে দলটি। ওই সময়ে প্রতিপক্ষের জালে ২৬ গোল করেছিল মায়ামি, যা ক্লাবটির এমএলএস ইতিহাসে কোনো কোচের প্রথম আট ম্যাচে সেরা সূচনা হিসেবে বিবেচিত। এখন নতুন কোচ গঞ্জালেসের অধীনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় মেসির দল।





















